পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নরসিংদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অনলাইন বেটিং ও জুয়া পরিচালনাকারী সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন রফিকুল ইসলাম (৪৬), মো. সোহেল (৩৭), মো. শফিকুল ইসলাম (২৭), মো. রুবেল মোল্ল্যা (৩৩) ও আইয়ুব হোসেন রিপন (৪৮)। তাদের কাছ থেকে নয়টি মোবাইল ফোন, ২০টি সিম কার্ড, বিভিন্ন ব্যাংকের চেকবইসহ গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা থেকে বুধবার (১২ আগস্ট) পর্যন্ত রায়পুরা ও মনোহরদী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস ইউনিট এই অভিযান পরিচালনা করে।
তদন্তে জানা যায়, এই চক্রটি আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে অনলাইন বেটিং ও জুয়ার ওয়েবসাইট পরিচালনা করছিল। সাইবার মনিটরিংয়ের মাধ্যমে দেশের ভেতরে ও বাইরে অবস্থানকারী এই সংঘবদ্ধ চক্রের সন্ধান পাওয়া যায়।
সিআইডি জানায়, ব্যবহারকারীদের প্রথমে টাকা জমা করতে হয়, যাতে বিকাশ, নগদ, রকেট, উপায়সহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহার করা হয়। পরে, জমা দেওয়া অর্থ ব্যবহারকারীর বেটিং অ্যাকাউন্টে যুক্ত করা হতো।
গ্রেফতারকৃতদের মোবাইল ফোন, সিম, ব্যাংক হিসাব ও চেকবইসহ জব্দ করা আলামতের ফরেনসিক ও কারিগরি বিশ্লেষণ চলছে। সিআইডি তদন্ত করছে চক্রটির সঙ্গে দেশের বাইরে অবস্থানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো যোগসূত্র রয়েছে কি না এবং জুয়ার অর্থ বিদেশে পাচার করা হয়েছে কি না।
সিআইডি জনগণের প্রতি অনলাইন জুয়া ও বেটিং থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে এবং এ ধরনের কার্যক্রমে অর্থ লেনদেন না করার অনুরোধ করেছে।