বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ময়মনসিংহে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, আতঙ্ক বিরাজ করছে

ময়মনসিংহে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, জমিজমার বিরোধে এই হত্যাকাণ্ড ঘটেছে।

ময়মনসিংহে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, আতঙ্ক বিরাজ করছে

ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, যা এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

নিহত যুবক মো. রাব্বী, যিনি বেসরকারি পলিটেকনিক কলেজের শিক্ষার্থী এবং পাসপোর্ট অফিসের সামনে একটি কম্পিউটার দোকান চালাতেন। রাব্বী মাসকান্দা এলাকার হাইস্কুল রোডের মোবারক হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাব্বী পাসপোর্ট অফিসের সামনে অবস্থান করছিলেন, এসময় কয়েকজন হামলাকারী হঠাৎ তার ওপর অতর্কিত হামলা চালায়। রাব্বী দোকানে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, জমিজমার বিরোধের কারণে রাব্বিকে হত্যা করা হয়েছে। তার প্রতিবেশী সাব্বিরের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। হত্যাকাণ্ডে সাব্বির ও তার ভাই জড়িত বলে অভিযোগ উঠেছে।

তিনি জানান, দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন