গাজীপুরের কারখানা বাজার এলাকায় জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলায় আতঙ্কিত হয়ে নদীতে ঝাঁপ দিয়ে একজন যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তির নাম মোয়াজ্জেম হোসেন, যিনি গাজীপুর মহানগরের ২১নং ওয়ার্ডের খালিশা বার্থার মৃত মোহাম্মদ আলী মেম্বারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে তুরাগ নদীতে নৌকায় কয়েকজন ব্যক্তি জুয়ার আসর বসায়। হঠাৎ অজ্ঞাত দুর্বৃত্তরা সেখানে হামলা চালায় এবং এক রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে আতঙ্কিত হয়ে জুয়াড়িরা নদীতে ঝাঁপ দেয়।
এ ঘটনায় সাঁতরে সঙ্গের লোকজন তীরে উঠলেও মোয়াজ্জেম হোসেন নিখোঁজ হয়ে যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায় এবং সাঁতরে তীরে উঠা ব্যক্তিদের জিজ্ঞাবাদের জন্য হেফাজতে নেয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের সহায়তায় নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়েছে। জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, 'নদীতে ঝাঁপ দেওয়ার পর গতকাল থেকে মোয়াজ্জেম হোসেন নিখোঁজ রয়েছেন। এখনও তার হদিস পাওয়া যায়নি। তাকে উদ্ধার করার জন্য তৎপর রয়েছে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।'