দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের কারণে ক্ষতিগ্রস্ত না করার আহ্বান জানিয়েছে ঢাকা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সোমবার সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে এ কথা বলেন।
তিনি জানান, সার্ককে গতিশীল করতে এখন দৃঢ় নেতৃত্বের প্রয়োজন এবং বাংলাদেশ সব ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে। বক্তারা বলেন, পারস্পরিক আস্থা ছাড়া বাণিজ্য ও যোগাযোগসহ সার্বিক সম্পর্ক উন্নয়ন সম্ভব নয়।
শামা ওবায়েদ বলেন, ‘দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা, অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের একটি প্ল্যাটফর্ম হিসেবে সার্কের গুরুত্ব অপরিসীম।’ তিনি ভারত ও পাকিস্তানসহ সদস্য দেশগুলোর মধ্যে নতুন বহুপাক্ষিক সংলাপ ও কৌশলগত সহযোগিতা বাস্তবায়নের জন্য অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
বিআইআইএসএসের উদ্যোগে আয়োজিত ‘সার্ক পুনরুজ্জীবিতকরণ’ শীর্ষক সেমিনারে বক্তারা একমত পোষণ করেন যে, সদস্য দেশগুলোর মাঝে রাজনৈতিক সদিচ্ছা থাকলে সার্ককে পূর্ণ শক্তিতে পুনরুজ্জীবিত করা সম্ভব।
অন্যদিকে, অনুষ্ঠানের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপনের সময় একটি বিতর্ক সৃষ্টি হয়। উপস্থাপিত স্লাইডে সার্ক সংগঠনের মানচিত্রে ভারতের ভূখণ্ডকে বিক্ষিপ্ত বা ত্রুটিপূর্ণভাবে ফুটিয়ে তোলা হয়েছে বলে অভিযোগ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা।