মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

গুলশানে সরকারি প্লট দখল: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু

গুলশানে সরকারি প্লট দখল ও জালিয়াতির অভিযোগে সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে।

গুলশানে সরকারি প্লট দখল: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু

রাজধানীর গুলশান-২ এলাকার ২৭ কাঠার সরকারি প্লট দখল ও জালিয়াতির অভিযোগে খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী এবং রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেমসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে।

ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালাম সোমবার (৬ জুলাই) এ আদেশ দেন। বিচারক আগামী ১৯ আগস্ট মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন রাজউকের প্রকৌশলী এম আজিজুল হক, সাবেক উপপরিচালক আজহারুল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক মো. হাবিব উল্লাহ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সহকারী সচিব আবদুস সোবহান, কক্সবাজারের রামুর বাসিন্দা মীর মোহাম্মদ হাসান এবং তার ভাই মীর মো. নুরুল আফছার।

মামলার নথি অনুযায়ী, গুলশান আবাসিক এলাকার সিইএন (ডি) ২৭ নম্বরের ২৭ কাঠার পরিত্যক্ত সরকারি প্লটটি অবমুক্ত না করেই জাল কাগজপত্র তৈরি ও ভুয়া রেকর্ড উপস্থাপনের মাধ্যমে দখলের সুযোগ সৃষ্টি করা হয়। অভিযোগে বলা হয়েছে, পরে হস্তান্তর অনুমতি ও নামজারি অনুমোদনের মাধ্যমে সরকারি সম্পত্তি আত্মসাতের পরিকল্পনা করা হয়েছে।

২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রথমে রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। তবে তখন সালাম মুর্শেদীর নাম মামলায় অন্তর্ভুক্ত ছিল না। তদন্ত শেষে গত বছরের ৩১ ডিসেম্বর তাকে মামলায় অন্তর্ভুক্ত করে ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

গত বছরের ১ অক্টোবর সালাম মুর্শেদীকে গ্রেফতার করা হয় এবং এরপর থেকে তিনি কারাগারে আছেন।

বিজ্ঞাপন