রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক জ্বালানি প্রতিষ্ঠান রোসাটম চলতি মাসের মাঝামাঝি থেকে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পুনরায় কর্মী পাঠানোর পরিকল্পনা করছে। মার্কিন ও ইসরায়েলি হামলার পর নিরাপত্তা পরিস্থিতির কারণে কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছিল।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবর অনুযায়ী, জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে রোসাটমের কর্মীরা বুশেহর কেন্দ্রে ফিরে যেতে শুরু করবেন। বর্তমানে সেখানে দুটি নতুন ইউনিট নির্মাণের কাজ চলছে।
গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর হামলার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একাধিক আক্রমণে বুশেহর কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ার কারণে, গত এপ্রিলে রোসাটমের প্রায় ২০০ কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছিল।
বিশ্লেষকরা মনে করছেন, রোসাটমের এই সিদ্ধান্ত বুশেহর প্রকল্পে নির্মাণকাজ পুনরায় গতি দেওয়ার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তবে সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার মধ্যে পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ এখনও বিদ্যমান।
রাশিয়া ও ইরানের মধ্যে পারমাণবিক জ্বালানি খাতে দীর্ঘদিনের সহযোগিতার অংশ হিসেবে বুশেহর বিদ্যুৎকেন্দ্রের সম্প্রসারণ প্রকল্পে কাজ করছে রোসাটম। নতুন ইউনিট দুটি চালু হলে ইরানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আরও বাড়বে বলে আশা করছেন বিশ্লেষকরা।