মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মিশর কোচের আবেগঘন বক্তব্য: ফিলিস্তিনিদের জন্য মায়া না থাকলে মানুষ নয়

মিশর কোচ হোসাম হাসান ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন।

মিশর কোচের আবেগঘন বক্তব্য: ফিলিস্তিনিদের জন্য মায়া না থাকলে মানুষ নয়

২০২৬ বিশ্বকাপে রাউন্ড অব থার্টি টুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় উৎসর্গ করেছেন মিশরের ফুটবল কোচ হোসাম হাসান। ম্যাচ শেষে তিনি ফিলিস্তিনের পতাকা হাতে তুলে নেন। এবার আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে আবারও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন তিনি।

সোমবার (৬ জুলাই) সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে হঠাৎ ফিলিস্তিন প্রসঙ্গ তোলেন হাসান। তিনি চার মিনিটেরও বেশি সময় ধরে ফিলিস্তিনিদের দুর্ভোগ নিয়ে আলোচনা করেন। তার বক্তব্য শেষে উপস্থিত সাংবাদিকরা করতালির মাধ্যমে তার সমর্থন জানান।

হাসান বলেন, "পৃথিবীতে যদি এমন কেউ থাকে, যে ফিলিস্তিনিদের জন্য অনুভব করে না, তাহলে সে মানুষই নয়। সে আরব, ইউরোপীয় কিংবা আমেরিকান, যেই হোক না কেন।" তিনি আরও বলেন, "কোনো প্রাণীর ওপর নির্যাতন হলে প্রতিবাদ হয়, অথচ হাজার হাজার মানুষের মৃত্যু যেন এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে।"

ইসরায়েলের হামলায় গাজায় চলমান মানবিক বিপর্যয়ের কথাও তুলে ধরেন তিনি। হাসান বলেন, "আমি আরব হওয়ার আগে একজন মানুষ। ফুটবলের মাধ্যমে আমার বার্তা একটাই— ফিফা যেমন পারস্পরিক সম্মানের কথা বলে, তেমনি মানুষের বেঁচে থাকার অধিকারও সম্মান করা হোক।"

অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারানোর পর কেন ফিলিস্তিনের পতাকা হাতে নিয়েছিলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "এটি ছিল সম্পূর্ণ মানবিক একটি প্রতিক্রিয়া।"

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে মিশর। জয় পেলে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠবে আফ্রিকার দেশটি। তবে, প্রতিপক্ষকে ভয় পাচ্ছেন না বলে জানিয়েছেন হাসান। তিনি বলেন, "আমরা জানি, বিশ্বচ্যাম্পিয়ন এবং ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির বিপক্ষে খেলতে যাচ্ছি। কিন্তু আমরা তাদের ভয় পাই না।"

তিনি আরও বলেন, "আমাদের স্বপ্নের কোনো সীমা নেই, উচ্চাকাঙ্ক্ষারও সীমা নেই। আমরা কোনো আন্ডারডগ নই। আমরা ৭ হাজার বছরেরও বেশি পুরোনো একটি সভ্যতার প্রতিনিধিত্ব করছি। মিশর, আরব বিশ্ব এবং আফ্রিকার মানুষের জন্য আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।"

বিজ্ঞাপন