রাজনৈতিক অস্থিরতা ও অভ্যন্তরীণ বিভেদের কারণে গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের নীতি ও রাষ্ট্র পরিচালনার প্রতি জনগণের মধ্যে চরম অসন্তোষ দেখা যাচ্ছে।
সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, দেশটির ৬০ শতাংশ নাগরিক গৃহযুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
জিউইশ পিপল পলিসি ইনস্টিটিউটের জরিপ অনুযায়ী, ৭৯ শতাংশ ইসরায়েলি জানান, ২০২৫ সালে সামাজিক অবস্থার ভয়াবহ অবনতি হয়েছে। দেশের ভবিষ্যত নিয়ে হতাশা প্রকাশ করেছেন ৪৯ শতাংশ নাগরিক।
জরিপে ৫২ শতাংশ নাগরিক মনে করেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও শীর্ষ রাজনৈতিক নেতারা গুপ্তহত্যার ঝুঁকিতে রয়েছেন। সাবেক প্রধান বিচারপতি প্রেসিডেন্ট আহরন বারাকও সতর্ক করেছেন, ক্রমবর্ধমান রাজনৈতিক বিরোধের ফলে দেশ গৃহযুদ্ধের কবলে পড়তে পারে।
অর্থনৈতিক সংকট ও বাজেট ঘাটতির কারণে প্রতিরক্ষা বাজেট কমানো হয়েছে। ইরানের সঙ্গে সামরিক উত্তেজনা ইসরায়েলি জনগণকে আরও বিভক্ত করেছে। আইন বিশেষজ্ঞ ও সাংবাদিকরা সতর্ক করেছেন যে, আদালতের ক্ষমতা সীমিত করে সরকার নজিরবিহীন সাংবিধানিক সংকটে পড়তে যাচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি সমাজ বর্তমানে গভীরভাবে বিভক্ত। এই বিভেদ দূর করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন। সরকারের যেকোনো অদূরদর্শী সিদ্ধান্ত দেশকে চরম অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে।