বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

৯২% ইসরায়েলি মনে করেন যুদ্ধে 'বিজয়ী ইরান'

ইসরায়েলের ৯২% জনগণ মনে করেন, ইরান যুদ্ধের কৌশলগত বিজয়ী।

৯২% ইসরায়েলি মনে করেন যুদ্ধে 'বিজয়ী ইরান'

ইসরায়েলের যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সমঝোতা নিয়ে জনমতের চিত্রে নেতিবাচক প্রবণতা দেখা গেছে। সাম্প্রতিক এক জরিপে অংশ নেওয়া অধিকাংশ ইসরায়েলি মনে করেন, ইরানই এই সংঘাতের কৌশলগত বিজয়ী।

হিব্রু বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আগাম ইনস্টিটিউট পরিচালিত সমীক্ষায় ৯২.১ শতাংশ উত্তরদাতা উল্লেখ করেছেন যে, যুদ্ধ ও পরবর্তী চুক্তির ফলে ইরানই সুবিধাজনক অবস্থানে রয়েছে।

এছাড়া, ৮২.৯ শতাংশ মানুষ মনে করেন, এই সামরিক অভিযান ইসরায়েলের দীর্ঘমেয়াদি নিরাপত্তাকে দুর্বল করেছে। জরিপ অনুযায়ী, ৮৬ শতাংশ উত্তরদাতা যুদ্ধের সামগ্রিক ফলাফল নিয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

সমীক্ষায় আরও দেখা যায়, ৭২.৫ শতাংশ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবির প্রতি আস্থা রাখেন না, যেখানে তিনি বলেছিলেন—ইরানে হামলার মধ্য দিয়ে ইসরায়েল গুরুত্বপূর্ণ অর্জন করেছে।

অন্যদিকে, ৮৭.৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, ইসরায়েল তার লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে বা 'আংশিকভাবে সফল' হয়েছে। নেতানিয়াহুর নেতৃত্ব নিয়েও জনমত বিভক্ত এবং ৫৬.৪ শতাংশ উত্তরদাতা তার সামরিক অভিযানের ব্যবস্থাপনায় ভূমিকা দুর্বল বা ব্যর্থ বলে মনে করেন।

জরিপে দেখা যায়, ৪৮.২ শতাংশ ইসরায়েলি, হিজবুল্লাহ'র বিরুদ্ধে পুনরায় বড় ধরনের সামরিক অভিযান সমর্থন করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য কূটনৈতিক টানাপোড়েনের ঝুঁকি থাকলেও।

এই জরিপটি ১৭ থেকে ২০ জুনের মধ্যে পরিচালিত হয় এবং এতে ১৭ বছর বা তার বেশি বয়সী মোট ৩,৬৪৪ জন ইসরায়েলি অংশ নেন। গবেষকদের দাবি অনুযায়ী, ওয়েটেড স্যাম্পলের ভিত্তিতে এই জরিপটি করা হয়েছে, যেখানে সর্বোচ্চ ত্রুটি ২.২ শতাংশ এবং কনফিডেন্স লেভেল ৯৯ শতাংশ।

বিজ্ঞাপন