দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ টানেলে অভিযান চলাকালে ইসরায়েলি বাহিনী তীব্র পাল্টা প্রতিরোধের সম্মুখীন হয়েছে। এই ঘটনায় এক ইসরায়েলি সেনা নিহত এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, শনিবার (২০ জুন) দক্ষিণ লেবাননের একটি সুড়ঙ্গে তল্লাশি চালানোর সময় হিজবুল্লাহ যোদ্ধারা আচমকা রকেট ও ড্রোনসহ হামলা চালায়। এতে ঘটনাস্থলেই এক সেনা নিহত হন।
আহত ১৩ জনকে দ্রুত উদ্ধার করে হেলিকপ্টারযোগে ইসরায়েলের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে, শুক্রবার হিজবুল্লাহর পৃথক এক হামলায় চার ইসরায়েলি সেনা নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছিলেন।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও, লেবানন সীমান্তে ইসরায়েলি অভিযান এবং হিজবুল্লাহর পাল্টা প্রতিরোধ অব্যাহত রয়েছে।