যুক্তরাষ্ট্রের চাপের কারণে লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হলেও ইসরায়েল হামলা থামাচ্ছে না। দক্ষিণাঞ্চলে আইডিএফের বিমান হামলায় নিহত হয়েছেন ৫ জন। এই হামলার ফলে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চুক্তির পাশাপাশি ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতাও হুমকির মুখে পড়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসানে বৃহস্পতিবার সমঝোতা স্মারকে সই করে ইরান ও যুক্তরাষ্ট্র। চুক্তিতে লেবাননে হামলা বন্ধের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। তবে চুক্তি উপেক্ষা করে বৃহস্পতিবার রাতে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালায় আইডিএফ।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, তারা ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ৮০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। আইডিএফের দাবি, এসব হামলায় হিজবুল্লাহর বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছে।
হামলার পর পাল্টা হামলা চালায় হিজবুল্লাহ। তারা গাইডেড মিসাইল ব্যবহার করে ৩টি ইসরায়েলি ট্যাংক ধ্বংস করার দাবি করে। এই হামলার ফলে তেহরান-ওয়াশিংটন শান্তি আলোচনার ভবিষ্যত নিয়ে শঙ্কা দেখা দেয়।
এছাড়া শুক্রবার সুইজারল্যান্ডে পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাও স্থগিত করা হয়। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র হিজবুল্লাহ ও ইসরায়েলকে হামলা বন্ধে চাপ দেয়। পরে যুদ্ধবিরতিতে সম্মত হয় তারা, যা শুক্রবার বিকেল ৪টা থেকে কার্যকর হয়।
মার্কিন কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানায়, ইরানের সহায়তায় এই সমঝোতায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতাকারীরা। এর আগে, লেবাননের দক্ষিণাঞ্চলে ৪ ইসরায়েলি সেনা নিহতের প্রতিক্রিয়ায় ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গাভির মন্তব্য করেন, পুরো লেবানন জ্বালিয়ে-পুড়িয়ে দিতে হবে।