আমেরিকার টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষকদল সম্প্রতি পৃথিবীর মতো প্রাণধারণে সক্ষম একটি নতুন গ্রহের সন্ধান পেয়েছেন। গ্রহটির নাম জিজে ৩৩৭৮বি এবং এটি পৃথিবী থেকে ২৫ আলোকবর্ষ দূরে অবস্থিত। এই আবিষ্কারটি সম্প্রতি ‘দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
গবেষকরা জানিয়েছেন, জিজে ৩৩৭৮বি গ্রহটি একটি ছোট লাল বামন নক্ষত্রের চারপাশে ঘুরছে। তবে, এই গ্রহের বায়ুমণ্ডল নিয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় সাড়ে ৯ লাখ কোটি কিলোমিটার, যা সূর্যের দূরত্বের চেয়ে ৬৩ হাজার গুণ বেশি।
বিজ্ঞানীরা উল্লেখ করেছেন, আলোর বেগে অর্থাৎ প্রতি সেকেন্ডে ৩ লাখ কিলোমিটার গতিতে চললে এই গ্রহে পৌঁছাতে ২৫ বছর লাগবে। তবে, মানুষের তৈরি দ্রুততম মহাকাশযান ভাইকিং-১ বা ভয়েজার-১ এর মাধ্যমে পৌঁছাতে প্রায় ৪ লাখ ৪১ হাজার বছর লাগবে।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী পল রবার্টসন বলেন, ‘জিজে ৩৩৭৮বি আমাদের নিকটতম মহাজাগতিক প্রতিবেশী। ২৫ আলোকবর্ষ শুনতে দূর মনে হলেও মিল্কিওয়ে গ্যালাক্সি পৃথিবী থেকে এক লাখ আলোকবর্ষ চওড়া।’
গ্রহটির অস্তিত্ব প্রথম ২০২৪ সালে ধরা পড়ে এবং এরপর থেকে এর উপর গবেষণা চলছে। সম্প্রতি ম্যাকডোনাল্ড পর্যবেক্ষণকেন্দ্রে নতুন তথ্য পাওয়া গেছে, যা গ্রহটির পাথুরে হওয়ার সম্ভাবনাকে জোরালো করেছে।
পল রবার্টসন আরও জানান, ‘কোনো গ্রহ বাসযোগ্য কি না, তার প্রাথমিক মাপকাঠি হলো পানির উপস্থিতি। এই গ্রহেও পানির সন্ধান চলছে।’ গবেষক মাইকেল এন্ডল বলেন, জিজে ৩৩৭৮বি যে নক্ষত্রকে প্রদক্ষিণ করছে সেটি সূর্যের তুলনায় ছোট ও লালচে এবং এর ভর পৃথিবীর ২.৩ গুণ। গ্রহটি ২১ দিনে নিজ কক্ষপথ প্রদক্ষিণ করছে, যা প্রাণের অস্তিত্বের সন্ধান তুলনামূলকভাবে সহজ করবে।