ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় লাখো শোকাহত মানুষ জড়ো হয়েছেন।
শোকের এই সমাবেশে অংশগ্রহণকারী অনেকের হাতে ‘আমরা প্রতিশোধ নেবোই’ লেখা পতাকা দেখা গেছে। এই আয়োজনে শোকের আবহের পাশাপাশি উপস্থিত জনতার মধ্যে তীব্র ক্ষোভও প্রকাশ পায়।
অন্যান্য স্লোগানের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্লোগানগুলোও শোনা যায়। খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার দাবিতে জনতা সরব হন।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ জানায়, জানাজার পুরো পরিবেশে গভীর আবেগ ও উত্তেজনার মিশ্রণ ছিল। শোকাহত মানুষ বারবার প্রতিশোধের শপথ উচ্চারণ করেন এবং হত্যাকাণ্ডের জবাব দেওয়ার আহ্বান জানান।
তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত এই শেষ বিদায়ের অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশ-বিদেশ থেকে আসা শোকাহত মানুষ ও প্রতিনিধিদের উপস্থিতিতে পুরো এলাকা শোক ও রাজনৈতিক আবেগের এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে।