প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সশস্ত্র বাহিনী নিয়মানুবর্তিতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করলে দেশের সার্বভৌমত্ব কখনো হুমকির মুখে পড়বে না।
আজ রোববার দুপুরে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ ভিভিআইপিদের সুরক্ষায় নিয়োজিত বিশেষায়িত বাহিনী পিজিআরের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী পিজিআর সদর দপ্তরে পৌঁছালে গার্ড অব আনার দেওয়া হয়। সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে বাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানান।
তিনি পিজিআরের সদস্যদের পেশাদারিত্ব, সততা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। প্রধানমন্ত্রী চেইন অব কমান্ড ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
দায়িত্ব পালনের সময় নিরাপত্তা কৌশল যেন সরকার প্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন না করে, সেদিকে নজর রাখার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিয়মানুবর্তিতা ও পেশাদারিত্ব বজায় রাখে, তাহলে দেশের সার্বভৌমত্ব কখনো হুমকির মুখে পড়বে না।