সরকারি শিশু পরিবার এবং ছোটমনি নিবাস পরিদর্শনকালে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, চলতি মাস থেকে ৩০০ নির্বাচনী এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে।
মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড বিতরণে কিছু ভুল হয়েছে, তবে সরকারের লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত মায়েদের সঠিকভাবে এই কার্যক্রমের আওতায় আনা। তিনি জানান, ‘আগামী দিনে সবকিছুর ঊর্ধ্বে থেকে এই কার্যক্রম পরিচালনার চেষ্টা চলছে।’
ছোটমনি নিবাসে শিশুদের সঠিক পরিচর্যার ক্ষেত্রে সকলের সহায়তা কামনা করে তিনি বলেন, শিশুদের মানবিক গুণাবলি বিকাশে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
মন্ত্রী পরিদর্শনকালে বিভিন্ন বয়সী শিশুদের সাথে কথা বলেন এবং তাদের বিষয়ে খোঁজখবর নেন। সরকার সুবিধাবঞ্চিতদের জন্য এই উদ্যোগের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে কাজ করছে।