বিশ্বকাপের শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে আজ (৩ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৫টায় টরন্টোয় মাঠে নামবে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। এই ম্যাচে বিশেষ নজর থাকবে দুই দলের তারকা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচের ওপর।
দুই দলের মধ্যে এই ম্যাচটি হতে পারে রোনালদো ও মদ্রিচের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ। ২০০৬ সাল থেকে বিশ্বমঞ্চে খেলে আসা এই দুই খেলোয়াড় রিয়াল মাদ্রিদে দীর্ঘ সময় একসাথে খেলেছেন এবং একাধিক শিরোপা জিতেছেন।
পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ বলেন, "লুকা মদ্রিচ লাখ লাখ তরুণ ক্রীড়াবিদ এবং ফুটবলপ্রেমীদের জন্য উদাহরণ।"
পর্তুজিগ মিডফিল্ডার ভিতিনিয়া জানান, "ক্রিশ্চিয়ানোর সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগির সৌভাগ্য হয়েছে। কিন্তু আগামীকাল দুজনের যাত্রার একটি সমাপ্তি ঘটতে চলেছে।"
এদিকে, ম্যাচের দিনটি দিয়েগো জোতার প্রথম মৃত্যুবার্ষিকী। ২০২৫ সালে এক সড়ক দুর্ঘটনায় মারা যান এই উইঙ্গার। জোতার স্মৃতি রক্ষার্থে পর্তুগাল জয় পেতে চায়।
ভিতিনিয়া বলেন, "আমাদের মোটিভেশনের অভাব নেই। আমরা আমাদের পরিবার, জোতার পরিবার এবং পুরো পর্তুগালের জন্য জিততে চাই।"
ক্রোয়েশিয়ার কোচ দালিচ মনে করেন, আসল লড়াইটা হবে মিডফিল্ডে। তিনি বলেন, "পর্তুগাল চমৎকার টেকনিক্যাল ফুটবল খেলে, তাই আমাদের সতর্ক থাকতে হবে।"
আজ রোনালদো ও মদ্রিচ মাঠে নামলে ৪০ বা এর বেশি বয়সী দুজন আউটফিল্ড খেলোয়াড় প্রথমবারের মতো বিশ্বকাপে মুখোমুখি হবেন। ম্যাচের ফলাফল নির্ধারণ করবে কে শেষ ষোলোর টিকিট পাবে — সিআর সেভেনের পর্তুগাল, নাকি লুকার ক্রোয়েশিয়া।