ক্রিস্টিয়ানো রোনালদো আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেবেন কি না, তা নিয়ে আলোচনা চলছে। বয়স ৪১ পার করার পর তিনি বর্তমানে পর্তুগালের জার্সিতে ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন।
গত জুনে ইতালির সাংবাদিক ফাব্রিসিও রোমানোর সঙ্গে আলাপকালে রোনালদো ২০৩০ বিশ্বকাপ খেলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি। পর্তুগালের কোচ মার্তিনেসও জানিয়েছেন, রোনালদো চাইলে সপ্তম বিশ্বকাপ খেলতে পারেন।
তবে রোনালদোর বোন কাতিয়া আভেইরো সম্প্রতি দাবি করেছেন, চলতি বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন রোনালদো। তিনি স্পোর্ত টিভির সঙ্গে আলাপকালে বলেন, 'এটাই (২০২৬ বিশ্বকাপ) রোনালদোর লাস্ট ডান্স। তাই যতটা পারেন, ওকে উপভোগ করেন।'
আভেইরো আরও জানান, তিনি নিশ্চিত যে রোনালদো পর্তুগাল জাতীয় দলের জন্য এই বিশ্বকাপে শেষবারের মতো খেলছেন। তিনি বলেন, 'আমি মনে করি এটাই ওর বিদায়ী অধ্যায়। তাই ওকে বেশি বেশি উপভোগ করুন।'
রোনালদো অবশ্য সরাসরি অবসর নিয়ে কিছু বলেননি। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের পর তিনি বলেন, 'আমি কোনো বেপরোয়া সিদ্ধান্ত নেই না। সিদ্ধান্ত নেব টুর্নামেন্ট শেষে, এখনই নয়।'
উল্লেখ্য, ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতে পর্তুগাল বিশ্বকাপের শেষ ষোলোতে পৌঁছেছে। পরবর্তী প্রতিপক্ষ স্পেন।