মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরে বিমান হামলার ফলে বিকট শব্দে কেঁপে উঠেছে বাংলাদেশ সীমান্ত এলাকা টেকনাফ। গতকাল বুধবার রাতে স্থানীয় বাসিন্দাদের কাছে ভয়াবহ শব্দ শোনা যায়।
টেকনাফের হোয়াইক্যং, হ্নীলা, টেকনাফ সদর ও সাবরাংসহ বেশ কয়েকটি এলাকায় এই বিকট শব্দ শোনা গেছে। ওপার থেকে আসা তীব্র বিস্ফোরণের শব্দে এপার সীমান্তের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, মিয়ানমারের সরকারি বাহিনী আরাকান আর্মির ক্যাম্পে বিমান হামলা চালিয়েছে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম অনীক চৌধুরী বলেন, "ওপার থেকে ভেসে আসা বিকট বিস্ফোরণের শব্দ মিয়ানমারের মংডু ও বুচিডং এলাকায় বিমান হামলা চলছে বলে জানা গেছে।" তিনি জানান, বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) ও কোস্ট গার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
ইউএনও আরও বলেন, সীমান্ত এলাকার জনসাধারণের ভয়ের কোনো কারণ নেই। বিজিবি সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণে সীমান্তে অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। নাফ নদীতে কোস্টগার্ড ও নৌ বাহিনীর নিয়মিত টহল অব্যাহত রয়েছে।
২০২৩ সালের ডিসেম্বর মাসে রাখাইন রাজ্য থেকে মিয়ানমারের সরকারি বাহিনীকে বিতাড়িত করে মংডু, বুচিডং ও রাচিডং এলাকা দখলে নেয় আরাকান আর্মি। এরপর থেকে দেশটিতে উত্তেজনা বিরাজ করছে।