ডিজিটাল লেনদেনকে সহজ, নিরাপদ ও সাশ্রয়ী করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সর্বজনীন পেমেন্ট পদ্ধতি ‘বাংলা কিউআর’। গ্রাহকরা এখন একটি মাত্র কিউআর কোড স্ক্যান করেই বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ পরিশোধ করতে পারবেন।
উদ্বোধনের প্রথম দিনে রাজধানীর ছোট-বড় অনেক ব্যবসায়ী বাংলা কিউআর ব্যবহার করে লেনদেন শুরু করেছেন। গ্রাহক ও ব্যবসায়ীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলছেন, এতে নগদ টাকা রাখার ঝুঁকি কমবে এবং হিসাব সংরক্ষণ সহজ হবে।
তবে প্রথম দিনে সব ব্যবসা প্রতিষ্ঠানে এই সমন্বিত কিউআর চালু না হওয়ায় কিছুটা বিভ্রান্তিতে পড়তে দেখা গেছে সাধারণ গ্রাহকদের। অনেক দোকানে এখনো আগের পৃথক কিউআর কোডগুলো ঝুলে থাকতে দেখা গেছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, পর্যায়ক্রমে সব ব্যাংক, মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান এবং ব্যবসাপ্রতিষ্ঠান বাংলা কিউআরের আওতায় এলে ডিজিটাল লেনদেন আরও গতিশীল হবে।
তিনি আরও বলেন, এতে নগদ অর্থের ব্যবহার কমে দেশে ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার পথ সুগম হবে। কেন্দ্রীয় ব্যাংক হুঁশিয়ারি দিয়েছে যে, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ও ব্যাংকগুলো এই সেবা দ্রুত দেশব্যাপী ছড়িয়ে না দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, বাংলা কিউআরকে দ্রুত বিস্তৃত করার পাশাপাশি প্রতিটি ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাধারণ গ্রাহকরা।