মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা সীমিত করার বিধান কেন অসাংবিধানিক ও অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (২৯ জুন) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আশিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
রুলে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি উভয় খাতের কর্মজীবী নারীর জন্য সমান সুবিধা নিশ্চিতে অভিন্ন নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানাতে হবে।
বাংলাদেশের কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন অধিকার নিশ্চিত করার লক্ষ্যে দায়েরকৃত এক জনস্বার্থমূলক রিট আবেদনের প্রেক্ষিতে এ রুল জারি করা হয়।
মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে। রিট আবেদনে উল্লেখ করা হয়েছে, মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা কোনো জনসংখ্যা নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নয়।
এটি মা ও নবজাতকের মৌলিক স্বাস্থ্য, মর্যাদা, সমতা ও সাংবিধানিক অধিকারের সঙ্গে সম্পর্কিত। তৃতীয় বা পরবর্তী সন্তানের ক্ষেত্রে এই অধিকার থেকে একজন কর্মজীবী নারীকে বঞ্চিত করা বৈষম্যমূলক ও সংবিধানপরিপন্থী।
এছাড়া, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন নীতিমালা থাকায় কর্মজীবী নারীদের মধ্যে বৈষম্য সৃষ্টি হচ্ছে; যা সমতা ও আইনের সমান সুরক্ষার নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।