প্রতি বর্ষায় সারাদেশের শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ লাগাতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উন্মুক্ত জায়গায় একটি নিম গাছের চারা রোপণের মাধ্যমে সারাদেশের ২৯ হাজারের বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে সৌদি আরবে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিমগাছের চারারোপণের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, আরাফাতের ময়দানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো নিমগাছগুলোকে সেখানকার মানুষ 'জিয়া ট্রি' নামে চেনে।
বৃক্ষরোপণের উপকারিতা তুলে ধরে শিক্ষার্থীদের গাছ লাগানোর উৎসাহ দিতে শিক্ষকদের প্রতি তাগিদ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গাছ লাগানো পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি একটি দায়িত্ব।
এর আগে, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) গার্ড অব অনার গ্রহণ শেষে প্রধানমন্ত্রী বলেন, জনপ্রতিরক্ষায় বিএনসিসির ভূমিকা তাৎপর্যপূর্ণ। জেলা-উপজেলা পর্যায়ে বিএনসিসির কার্যক্রম আরও বাড়ানোর লক্ষ্যে সরকার উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছে।
বিএনসিসির প্রশিক্ষণ কার্যক্রম যুগোপযোগী করতে সরকার যথাযথ বিনিয়োগের ব্যবস্থা করবে বলেও জানান তিনি।