জাপানের ইয়াওয়াতা শহরের মেয়র শোকো কাওয়াতা দেশের ইতিহাসে প্রথম কর্মরত মেয়র হিসেবে মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ৩৫ বছর বয়সী কাওয়াতা প্রথম সন্তানের জন্ম দিতে যাচ্ছেন, যা জাপানি সমাজে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
মে মাসে নিজের সিদ্ধান্ত প্রকাশ করার পর থেকেই এ বিষয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়। ইয়াওয়াতা শহরে প্রায় ৬৮ হাজার মানুষ বসবাস করেন এবং এটি চা সংস্কৃতি ও চেরি ফুলের জন্য পরিচিত। অনেক বাসিন্দা মেয়রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, কেউ কেউ শিশুর জন্য উপহার হিসেবে হাতে বোনা জুতা দিয়েছেন।
কিন্তু শোকো কাওয়াতার সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক পুরুষ ব্যবহারকারী তার সিদ্ধান্তকে 'দায়িত্বজ্ঞানহীন' বলে মন্তব্য করেছেন। কিছু মন্তব্যকারী অভিযোগ করেছেন যে, তিনি জনগণের দায়িত্বের চেয়ে ব্যক্তিগত জীবনকে বেশি গুরুত্ব দিচ্ছেন।
শোকো কাওয়াতা এই সমালোচনার প্রেক্ষিতে বলেন, তার সিদ্ধান্ত জাপানি সমাজে নারীদের প্রতি বৈষম্য কতটা গভীরভাবে রয়ে গেছে তা উপলব্ধি করতে সাহায্য করেছে। বর্তমানে তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা এবং সিটি হল থেকে দায়িত্ব পালন করছেন।
এটি শুধু ইয়াওয়াতা শহরের আলোচনায় সীমাবদ্ধ নয়; বরং দেশজুড়ে কর্মজীবী নারীদের মাতৃত্ব, কর্মক্ষেত্রে সমতা এবং পারিবারিক জীবনের ভারসাম্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে। জাপানে মাতৃত্বজনিত হয়রানির সমস্যা এতটাই পরিচিত যে, এর জন্য একটি বিশেষ শব্দ 'মাতাহারা' রয়েছে।
বিশ্লেষকদের মতে, শোকো কাওয়াতার সিদ্ধান্ত কর্মজীবী নারীদের অধিকার ও মাতৃত্বকালীন সুবিধা নিয়ে দীর্ঘদিনের সামাজিক মানসিকতাকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। অনেকের বিশ্বাস, তার এই পদক্ষেপ ভবিষ্যতে কর্মজীবী মায়েদের জন্য আরও ইতিবাচক কর্মপরিবেশ তৈরির আলোচনাকে এগিয়ে নেবে।