রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত ২৪ জন

জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্পে ২৪ জন আহত, পরিবহন ব্যবস্থা ব্যাহত।

জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত ২৪ জন

জাপানের মধ্যাঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ২৪ জন আহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা জানায়, স্থানীয় সময় শনিবার রাত ১টা ৪ মিনিটে টোকিওর পশ্চিমে শিজুওকা প্রিফেকচারে ভূমিকম্পটি আঘাত হানে। তবে এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। বিভিন্ন দোকানের জানালার কাচ ভেঙে গেছে এবং তাক থেকে জিনিসপত্র পড়ে গেছে। দেশের কয়েকটি অঞ্চলে পরিবহনব্যবস্থা ব্যাহত হয়েছে।

আইচি অঞ্চলে সংঘটিত ভূমিকম্পে ১৬ জন আহত হয়েছেন, যাদের অধিকাংশেরই আঘাত সামান্য। প্রতিবেশী শিজুওকা অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর অন্তত তিন নারী জরুরি চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সংবাদপত্র চুনিচি শিমবুন ও টোকাই টেলিভিশন জানিয়েছে, আইচি ও শিজুওকা—এই দুই অঞ্চলে অন্তত ২৪ জন আহত হয়েছেন। আইচি অঞ্চলের তোয়োহাশি শহরে একটি গাড়ির শোরুমের জানালার কাচ ভাঙা অবস্থায় পাওয়া গেছে।

ভূমিকম্পের কারণে রোববার সকালে আঞ্চলিক ট্রেন চলাচলে সাময়িক বিলম্ব ও স্থগিতাদেশ দেওয়া হয়েছে। দ্রুতগতির শিনকানসেন বুলেট ট্রেন চলাচলও ব্যাহত হয়।

ভূমিকম্পের কম্পন পশ্চিমে ওসাকা পর্যন্ত অনুভূত হয়। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সেখানে একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলার অ্যাপার্টমেন্ট থেকে পড়ে এক বিদেশি বাসিন্দাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে, একই দিন স্থানীয় সকাল ১০টা ৫৩ মিনিটে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুমামোতো এলাকায় ৪ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। দ্বিতীয় ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন