গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এপেক্স হোল্ডিংস লিমিটেড কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য চারটি কারখানা বন্ধ করার ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্ত শ্রমিকদের সার্ভিস বেনিফিট সংক্রান্ত দাবির কারণে নেওয়া হয়েছে, যার ফলে অন্তত ৪ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে।
এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস, এপেক্স টেক্সটাইল প্রিন্টিং মিলস, এপেক্স লন্ড্রি মিলস এবং এপেক্স ইয়ার্ন ডাইং লিমিটেডের কারখানায় কর্মরত শ্রমিকরা ১০ বছর চাকরি সম্পন্নকারীদের জন্য ১৫ মাসের এবং ৫ বছর চাকরি সম্পন্নকারীদের জন্য ৭ মাসের মূল মজুরি সার্ভিস বেনিফিট দাবি করছিলেন।
১৫ জুন কারখানার নিটিং ফ্লোরে শ্রমিক প্রতিনিধি, কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ডিআইএফই জানায়, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী সার্ভিস বেনিফিট পরিশোধ করতে হবে।
২০ জুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, বর্তমান সার্ভিস বেনিফিট সুবিধা আগের মতোই বহাল থাকবে, তবে অতিরিক্ত দাবি মেনে নেওয়া সম্ভব নয়। তারা শ্রমিকদের স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানায়।
এদিকে, গত রোববার কিছু শ্রমিক আইনবহির্ভূতভাবে উৎপাদন কার্যক্রম বন্ধ করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে। এ অবস্থায় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী চারটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শ্রমিকদের দাবির বিষয়ে আলোচনা করেও সমঝোতায় পৌঁছানো যায়নি। তবে কারখানা এলাকায় কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়নি।