রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় একটি হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। রোববার (২১ জুন) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ ৭ম আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. সাদেকীন হাবিব বাপ্পি এ আদেশ দেন।
মামলাটির অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণের সময় তরুণ খোবাইব (২০) যাত্রাবাড়ী ওভারব্রিজের নিচে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন। ওই সময় মামলার আসামিদের নির্দেশে পুলিশ, র্যাবসহ যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের অস্ত্রধারীরা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর অতর্কিত গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই খোবাইবের মৃত্যু হয়।
এই ঘটনায় নিহতের ভাই জোবায়ের আহম্মেদ বাদী হয়ে ২০২৪ সালের ১৬ নভেম্বর মামলাটি দায়ের করেন। মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, ওবায়দুল কাদেরসহ ৮০ জনকে আসামি করা হয়।
পৃথক পাঁচ মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর খায়রুল হককে গত ৩০ মার্চ যাত্রাবাড়ী ও আদাবর থানার দুটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই বিচারপতি খায়রুল হককে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।