জামায়াত নেতা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন শুনানি চলাকালে আদালতের এজলাসে হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় জামায়াত ও বিএনপিপন্থী আইনজীবীরা জড়িত ছিলেন।
জানা গেছে, আজ রোববার ১ দিনের রিমান্ড শেষে আখতারুজ্জামানকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। আদালত চত্বরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছিল। বেলা ২টার পর এজলাসে আখতারুজ্জামানকে তোলা হলে আইনজীবীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
বাকবিতণ্ডা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়, যা বিচারককে এজলাস ত্যাগ করতে বাধ্য করে। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলে শুনানি আবার শুরু হয়।
শুনানির সময় তদন্ত কর্মকর্তা আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে, আখতারুজ্জামানের আইনজীবীরা তার বয়স ও শারীরিক অসুস্থতা বিবেচনায় জামিন চান।
উল্লেখ্য, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটের কারণে আখতারুজ্জামানের বিরুদ্ধে বিশৃঙ্খলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করা হয়। পরে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।