চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের পরবর্তী সংসদ অধিবেশনে যোগ দিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আপিল বিভাগ।
বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালত জানায়, জামায়াতের প্রার্থী চাইলে নিয়মিত আপিল করতে পারবেন।
এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) সরোয়ারের মনোনয়নপত্র বাতিল করে। পরে সরোয়ার আলমগীর হাইকোর্টে রিট করেন যাতে তার প্রার্থিতা ফিরে আসে।
হাইকোর্ট প্রার্থিতা ফিরিয়ে দেয়ার পর সরোয়ার চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। তবে নির্বাচনে তার ফলাফল প্রকাশ সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে স্থগিত ছিল।
সরোয়ারের করা রিটের চূড়ান্ত শুনানি শেষে ৯ জুলাই রায় দেন হাইকোর্ট। রায়ে ইসির সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে সরোয়ারের প্রার্থিতা ফিরিয়ে দেয়া হয়।
হাইকোর্টের রায়ের পর চট্টগ্রাম-২ আসনে সরোয়ারকে বিজয়ী ঘোষণা করে ৯ জুলাই গেজেট প্রকাশ করে ইসি সচিবালয়। সেদিন সন্ধ্যায় সরোয়ার সংসদ সদস্য হিসেবে শপথ নেন।
এ অবস্থায়, হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে জামায়াতের প্রার্থী নুরুল ১২ জুলাই আপিল বিভাগে আবেদন করেন।