সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

আজান আলীর জামিন আবেদন নামঞ্জুর, আদালতের কঠোর পর্যবেক্ষণ

আজান আলীর জামিন আবেদন আদালত নামঞ্জুর করেছে, বিচারক বলেছেন এটি সমাজে খারাপ বার্তা দেবে।

আজান আলীর জামিন আবেদন নামঞ্জুর, আদালতের কঠোর পর্যবেক্ষণ

রাজধানীর বারিধারা কূটনৈতিক এলাকার ১ নম্বর সড়কে দ্রুতগতির বেপরোয়া প্রাইভেট কারের চাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান (২৪) নিহতের ঘটনায় গ্রেফতার আজান আলীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদির উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শরীফ উদ্দীন জামিনের তীব্র বিরোধিতা করেন। আসামিপক্ষের আইনজীবী গোলাম মোস্তফা খান দাবি করেন, ঘটনার সময় আজান আলী গাড়ির ড্রাইভিং সিটে ছিলেন না।

বিচারক উভয় পক্ষের বক্তব্য শুনে সিসিটিভি ফুটেজের পর্যালোচনা তুলে ধরে বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে আসামি ওই দিক থেকেই বের হচ্ছে। বিচারক আরও বলেন, এমন গুরুতর ঘটনায় জামিন দিলে সমাজে একটি খারাপ বার্তা যাবে যে, অপরাধ করে সহজেই পার পাওয়া যায়।

তিনি বলেন, এটি সমাজে অপরাধকে প্রশ্রয় দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করবে এবং বিত্তবানদের জন্য আইন ও বিচার ব্যবস্থাকে সহজ মনে করার সুযোগ সৃষ্টি করবে। শুনানি শেষে আদালত আজান আলীর জামিন আবেদন সরাসরি খারিজ করে দেন।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর বিকেলে বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কে দ্রুতগতির একটি প্রাইভেট কারের চাপায় নির্মমভাবে নিহত হন নির্মাণশ্রমিক মেহেদী হাসান। এ ঘটনায় নিহতের ভাই মোক্তাদির ইসলাম বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় গাড়ির চালক আকাশ মারককে প্রধান আসামি করা হয়। তবে ঘটনার পর এতদিন পেরিয়ে গেলেও পুলিশ এখনও প্রধান আসামি আকাশ মারককে গ্রেপ্তার করতে পারেনি।

বিজ্ঞাপন