সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু সই করা এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়।
সারওয়ার আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। তিনি ২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আলোচিত ছিলেন।
সম্প্রতি শাহজালাল (রহ.) মাজারের আয়–ব্যয়ের হিসাব চাওয়া ও ঐতিহাসিক ডেগের মুখ সিলগালা করায় সারওয়ার আলম নিয়ে নতুন আলোচনা শুরু হয়।
সারওয়ার আলম সিনিয়র সহকারী সচিব পদে থাকাকালীন তিন শতাধিক ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে ব্যাপক প্রশংসা অর্জন করেন। তিনি ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়ে মানুষের প্রশংসা কুড়িয়েছেন।
২০২০ সালের ৯ নভেম্বর তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়। তিনবার বঞ্চিত হওয়ার পর ২০২৪ সালের ১৪ আগস্ট উপসচিব পদে পদোন্নতি পান।
এর আগে তিনি বঞ্চিত হলে ফেসবুক স্ট্যাটাস দিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন, যা আওয়ামী লীগ সরকারের কাছে অসদাচরণ হিসেবে গণ্য হয়। ২০২২ সালের মে মাসে তাকে শাস্তি দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।