সরকার দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। মঙ্গলবার টাঙ্গাইল, নীলফামারী, পটুয়াখালী ও পিরোজপুর জেলায় এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নতুন ডিসি হিসেবে মো. হুমায়ূন কবিরকে নীলফামারীতে, চৌধুরী আশরাফুল করিমকে পটুয়াখালীতে এবং মো. গোলাম রব্বানীকে পিরোজপুরে নিয়োগ দেওয়া হয়েছে।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদকে টাঙ্গাইলের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়াও, নীলফামারীর ডিসি মোহাম্মদ নায়িরুজ্জামানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, টাঙ্গাইলের ডিসি শরীফা হককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং পটুয়াখালীর ডিসি মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এই তিন কর্মকর্তা সম্প্রতি উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। সাধারণত উপসচিব পদমর্যাদার কর্মকর্তারা ডিসি হিসেবে নিয়োগ পান।