রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ নামে এনবিআর দুই ভাগ হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, "আমলাদের মধ্যে যারা ব্যবসা সহজ করতে বাধা হয়ে দাঁড়াবে, তারা প্রশাসনে থাকতে পারবেন না।"
আজ রোববার দুপুরে রাজধানীতে গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত বাজেট সংলাপে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, বাজেটে যেসব সমস্যা রয়েছে, তা সমাধানের চেষ্টা চলছে।
অর্থমন্ত্রী আরও বলেন, ঘাটতি পূরণে বেসরকারি খাতের ক্ষতি এড়াতে সরকার ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রবণতা কমাচ্ছে। এর পরিবর্তে অভ্যন্তরীণ রাজস্ব আদায় বৃদ্ধি এবং বিকল্প বাজার-ভিত্তিক অর্থায়নের ওপর জোর দেওয়া হচ্ছে।
তিনি বলেন, দেশের ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল ও টেকসই সমৃদ্ধির দিকে নিয়ে যেতে সরকারের দুই বছর সময় প্রয়োজন। জ্বালানি সংকট ও কাঠামোগত সমস্যাগুলোর স্থায়ী সমাধানের জন্য এ সময় প্রয়োজন।
আমির খসরু বলেন, বাংলাদেশ অতিরিক্ত নিয়মের বেড়াজালে বন্দি হয়ে পড়েছে, তাই ব্যবসার পরিবেশ ও জীবনযাত্রা সহজ করতে সরকার নিয়মকানুন শিথিল করছে। তিনি আশা প্রকাশ করেন যে, এই সরকারের মেয়াদ শেষে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ ৫ শতাংশে উন্নতি করা যাবে।