রবিবার, ২১ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে আওয়ামী লীগের মামলা, এনসিপির প্রতিবাদ

লন্ডনে হাসনাত আবদুল্লাহসহ ৪ নেতার বিরুদ্ধে মামলা করেছে আওয়ামী লীগ, এনসিপির প্রতিবাদ।

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে আওয়ামী লীগের মামলা, এনসিপির প্রতিবাদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ চার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে আওয়ামী লীগ। শুক্রবার (১৯ জুন) যুক্তরাজ্যের লন্ডনে কেমব্রিজ থানায় মামলাটি করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলম। পুলিশ জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে। অজ্ঞাতনামা কয়েকজনকেও আসামি করা হয়েছে।

শনিবার (২০ জুন) এনসিপি ইউকে অ্যালায়েন্সের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও পতিত ফ্যাসিবাদী সরকারের সমর্থকরা হাসনাত আবদুল্লাহ এবং তার সফরসঙ্গীদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও হয়রানির পর নতুন নাটক শুরু করেছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ‘বেধড়ক পেটানোর’ অভিযোগ এনে মামলা করা হয়েছে। এনসিপি অভিযোগ করেছে যে, এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাজ্য পুলিশের মূল্যবান সময় নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।

এনসিপি জানায়, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জননিরাপত্তার ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত সংস্থা তদন্ত কার্যক্রম শুরু করেছে। হাসনাত আবদুল্লাহ যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেন, “পতিত আওয়ামী লীগ আগেও ব্যর্থ হয়েছে, এবারও হবে।” অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আবদুল্লাহর ঐতিহাসিক বক্তব্য এবং যুক্তরাজ্য জুড়ে প্রবাসীদের সঙ্গে তার সফল মতবিনিময়ের প্রচেষ্টাকে ব্যাহত করতে তারা বারবার চেষ্টা করলেও প্রতিবারই ব্যর্থ হয়েছে।

বিজ্ঞাপন