জ্বালানি সংকটের সমাধান ধীরে ধীরে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এক মাসের মধ্যে এই সংকটের সমাধান সম্ভব নয় এবং এর জন্য সময় প্রয়োজন।
শনিবার (২২ আগস্ট) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত রাজস্ব ও মুদ্রানীতি বিষয়ক সেমিনারে তিনি বলেন, সরকার ন্যূনতম তিন মাসের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ নিয়েছে।
মন্ত্রী আরও জানান, সংকট সমাধানের জন্য সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ চলছে। তিনি উল্লেখ করেন, দেশ বর্তমানে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সন্ধিক্ষণে রয়েছে।
এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতির চাপ ও জ্বালানি সংকট অর্থনীতিকে বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি করেছে।
সেমিনারে শিল্প উদ্যোক্তারা জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, শিল্প খাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।
তারা জানান, গ্যাস ও বিদ্যুতের সংকটের কারণে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, ফলে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় রপ্তানিতে সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশ।