বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প খাতের অবদান আগামীতে অন্তত ৬০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার। এ তথ্য জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রী আজ শনিবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিসিক সেলস সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, চলমান জ্বালানি সংকটের কারণে অতিরিক্ত জ্বালানি নির্ভর শিল্পে বিনিয়োগের পরিবর্তে ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসারে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, জ্বালানি সংকটের সময়ে সিলেটের প্রস্তাবিত নতুন বিসিক শিল্পনগরীর জন্য বিকল্প জ্বালানির ব্যবস্থা নিয়ে ভাবছে সরকার।
মন্ত্রী বলেন, শিল্পকারখানা ও আবাসিক খাতে বিদ্যুতের চাহিদা পূরণে ভবিষ্যতে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের পরিকল্পনা রয়েছে।
সরকারের এই পরিকল্পনা বাস্তবায়ন হলে একদিকে যেমন জ্বালানি সংকটের চাপ কমবে, অন্যদিকে ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশের মাধ্যমে কর্মসংস্থান ও উৎপাদন বাড়বে।