রাজধানীতে এক সপ্তাহের ব্যবধানে ডিম এবং ব্রয়লার মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। বাজারে সবজির সরবরাহ ভালো থাকলেও, দাম কমেনি।
আজ শুক্রবার রাজধানীর বাজারে ক্রেতাদের ভিড় অন্যান্য দিনের তুলনায় বেশি দেখা গেছে। ক্রেতাদের অভিযোগ, পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই।
বর্তমানে ডিমের দাম ডজন প্রতি ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ২০০ টাকা এবং সোনালি মুরগির দাম ৩৩০ টাকা।
সবজির দামও কমেনি। লাউ প্রতি পিস ৮০ টাকা, চালকুমড়া ৬০ টাকা। বাজারভেদে পটল, করলা, কাকরোলের দাম ৮০ থেকে ১০০ টাকার মধ্যে রয়েছে।
কাঁচা পেঁপে ৪০ টাকায় এবং আলু ৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে কাঁচা মরিচের দাম সহনীয় পর্যায়ে নেমেছে, যা মানভেদে ১২০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।