সরকার গঠনের পর প্রথমবার রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২১ জুন) বিকেল ৩টায় কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।
কুয়ালালামপুর পৌঁছানোর পর, আগামী সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বৈঠকে শ্রমবাজার খোলা, আসিয়ানের সদস্যপদ প্রাপ্তি ও মুক্ত বাণিজ্য চুক্তির মতো বিষয়গুলো প্রাধান্য পাবে।
এছাড়া, সংস্কৃতি বিনিময়সহ বেশ কয়েকটি চুক্তি সই হতে পারে। মঙ্গলবার মালয়েশিয়া থেকে সরাসরি চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
এ সময় বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে বৈঠক হতে পারে তার। পরবর্তীতে, বুধবার চীনের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।
দ্বিপাক্ষিক এ সফরে ১৩টি সমঝোতাসহ মোট ১৭টি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। সফরের শেষ দিনে, আগামী ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। সফর শেষে সেদিন রাতেই দেশে ফিরবেন তিনি।