এক বছরের ব্যবধানে পুলিশের পোশাকের রং পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, জেলা পুলিশ এবং অন্যান্য ইউনিটের সদস্যদের শার্ট হবে গাঢ় নীল, মহানগর পুলিশের শার্ট হবে হালকা জলপাই রঙের। সবার জন্য প্যান্ট হবে খাকি রঙের।
অপরাধ বিশ্লেষকরা বারবার পোশাক পরিবর্তনকে রাষ্ট্রীয় অর্থের অপচয় হিসেবে উল্লেখ করে বলেন, বাহিনীর ভাবমূর্তি ও জনআস্থা ফিরিয়ে আনতে গুণগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার অত্যন্ত জরুরি। গত জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশের পোশাক পরিবর্তনের দাবি ওঠে।
অন্তর্বর্তী সরকার পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। গত বছরের জানুয়ারিতে নতুন পোশাক নির্ধারণ করা হলেও পরিবর্তন করা হয় শুধু পুলিশের পোশাক। নতুন পোশাকের রঙ নিয়ে পুলিশ সদস্যদের মধ্যে অসন্তোষ ছিল।
পুলিশ সদর দফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, নতুন পোশাক মাঠপর্যায়ে পৌঁছাতে কিছুটা সময় লাগবে। দ্রুতই নতুন পোশাকের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।
বিশ্লেষকরা মনে করেন, বারবার পোশাক পরিবর্তন বাহিনীর ভাবমূর্তি পরিবর্তনের কার্যকর উপায় নয়। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে পেশাগত মান বজায় রেখে দায়িত্ব পালন করা প্রয়োজন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান রেজাউল করিম সোহাগ বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়বদ্ধতা নিশ্চিত করাই মূল বিষয় হওয়া উচিত। তিনি জোর দেন যে, পরিবর্তন আনতে হলে একটি সমষ্টিগত পদ্ধতি প্রয়োজন।
বিশ্লেষকদের মতে, বাহিনীর দক্ষতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়া উচিত।