গণতন্ত্র, ভোটাধিকার ও নিরাপত্তা রক্ষায় সব রাজনৈতিক দল ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে এক জনসভায় এই আহ্বান জানান।
বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরতে চায় না। তিনি সকলকে সজাগ থাকার আহ্বান জানান।
তিনি সীমান্তের ওপারে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রাজনীতি করতে না দেয়ার প্রতিশ্রুতি দেন। গত কয়েকদিন পলাতকরা আবারও আগুন সন্ত্রাস করে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি শুরু করেছে বলে জানান তিনি।
তারেক রহমান বলেন, ‘সবাইকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। এই সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিয়ে দিতে হবে—এনাফ ইজ এনাফ। যথেষ্ট হয়েছে, আর নয়।’