বাংলাদেশ ও তুরস্কের দুটি প্রতিষ্ঠান টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ও শূন্য বর্জ্য উদ্যোগে সহযোগিতা জোরদার করতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
১৮ নভেম্বর, বুধবার তুরস্কের আন্তালিয়ায় স্থানীয় সময় বিকেল ৪টায় কপ-৩১ সম্মেলনের জিরো ওয়েস্ট মিউজিয়ামে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। তুরস্কের জিরো ওয়েস্ট ফাউন্ডেশন এবং দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের মধ্যে এই সমঝোতা স্মারকটি সম্পন্ন হয়।
দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এম সাইফ কাদের রুবাব এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুসাব সুলেইমান ইলমাজ এতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের চেয়ারম্যান রুবায়াত মান্নান রাফি এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের সভাপতি সামেদ আগিরবাশ উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের মূল লক্ষ্য হলো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনায় দুই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সহযোগিতার ভিত্তি তৈরি করা। এর মাধ্যমে বর্জ্য উৎপাদন কমানো, সম্পদের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব উদ্যোগকে এগিয়ে নেওয়ার জন্য পারস্পরিক সহযোগিতা বাড়ানো হবে।
দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, চলতি কপ-৩১ সম্মেলনে এটি বাংলাদেশের একমাত্র স্বাক্ষরিত সমঝোতা স্মারক।