বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

আদানি সিমেন্টের ভারী বৈদ্যুতিক ট্রাকের উদ্বোধন

আদানি সিমেন্ট ভারী বৈদ্যুতিক ট্রাকের উদ্বোধন করেছে, যা পরিবহনে কার্বন নিঃসরণ কমাবে।

আদানি সিমেন্টের ভারী বৈদ্যুতিক ট্রাকের উদ্বোধন

ভারতের শীর্ষ নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান আদানি সিমেন্ট ক্লিঙ্কার ও সিমেন্ট পরিবহনে ভারী বৈদ্যুতিক ট্রাকের যাত্রা শুরু করেছে। গুজরাটের সাংঘি প্লান্টে এসব ট্রাক উদ্বোধন করা হয়। এটি প্রতিষ্ঠানটির জন্য প্রথম বৈদ্যুতিক ট্রাক ব্যবহারের উদ্যোগ, যা টেকসই পরিবহনযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রতিষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মার্চের মধ্যে মোট ৪১০টি বৈদ্যুতিক ট্রাক সিমেন্ট ও ক্লিঙ্কার পরিবহনে ব্যবহৃত হবে। ইতিমধ্যে সাংঘি প্লান্টে এর বাস্তবায়ন শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, এই ট্রাকগুলো বছরে ২৫ হাজার টনের বেশি কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমাতে সক্ষম হবে এবং বছরে প্রায় ১ কোটি ১০ লাখ লিটার ডিজেলের ব্যবহার কমাবে।

আদানি সিমেন্টের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে সড়কপথে পণ্য পরিবহনের ১০ শতাংশ বৈদ্যুতিক ট্রাকের মাধ্যমে সম্পন্ন করা। এ জন্য ২ হাজারের বেশি বৈদ্যুতিক যান মোতায়েন করার পরিকল্পনা রয়েছে। নবায়নযোগ্য জ্বালানিতে চালিত এসব ট্রাক শূন্য নিঃসরণ নিশ্চিত করার দাবি করা হয়েছে।

আদানি গ্রুপের সিমেন্ট ব্যবসার প্রধান নির্বাহী বিনোদ বাহেতি বলেন, 'সাংঘিতে এই উদ্যোগ কেবল শুরু। বৈদ্যুতিক যান চালানোর জন্য ভারতজুড়ে একাধিক রুট চিহ্নিত করা হয়েছে। প্রতিটি ট্রাক বৈদ্যুতিক হলে প্রতিষ্ঠানের কার্বন পদচিহ্ন কমবে এবং ডিজেলের দামের ওঠানামা থেকে পরিবহন ব্যয় সুরক্ষিত থাকবে।'

তিনি আরও বলেন, 'এতে মানুষ, পরিবেশ ও প্রতিষ্ঠানের আর্থিক হিসাব—তিনটিই উপকৃত হবে। এটি আরও সবুজ ও প্রতিযোগিতামূলক সিমেন্ট প্রতিষ্ঠান গড়ার প্রতিশ্রুতির বাস্তব রূপ, যা ভারতের প্রবৃদ্ধিকে সেবা দিবে।'

প্রতিষ্ঠানের মতে, ভারী বৈদ্যুতিক ট্রাকের অর্থনৈতিক যুক্তি এখন নির্ণায়ক মোড়ে পৌঁছেছে। গত এক দশকে ডিজেলের দাম বেড়েছে প্রায় ৬০ শতাংশ। এ সময়ে লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাকের খরচ কমেছে প্রায় ৭০ শতাংশ। ডিজেলচালিত ট্রাক প্রতি কিলোমিটারে প্রায় ০.৭৩৭৫ কেজি কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করে, যেখানে বৈদ্যুতিক ট্রাক এই নিঃসরণ শতভাগ পর্যন্ত নির্মূল করতে পারে।

ভারত বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট উৎপাদনকারী দেশ। বিস্তীর্ণ সরবরাহ ব্যবস্থায় চুনাপাথর, ক্লিঙ্কার ও প্রস্তুত সিমেন্টের পরিবহন অত্যন্ত কার্বন-নিবিড় অংশ। আদানি সিমেন্টের বৈদ্যুতিক ট্রাক উদ্যোগ এই চ্যালেঞ্জের সরাসরি সমাধান দিবে বলে প্রতিষ্ঠানটি মনে করছে।

বিজ্ঞাপন