চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিচালিত অভিযানে দুই ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে মোবাইল কোর্টের মাধ্যমে এই জরিমানা আদায় করা হয়।
মেসার্স এ এস এস ব্রিকসের প্রোপ্রাইটর মো. আকতার হোসেন চৌধুরীকে ৪ লাখ টাকা এবং মেসার্স হারুন ব্রিকসের প্রোপ্রাইটর মো. হারুন শেখকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময়, চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বির নির্দেশে উক্ত ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় ইটভাটার আগুন নেভানো হয় এবং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
এই অভিযানে পরিবেশ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া প্রসিকিউশন প্রদান করেন। অভিযানে উপস্থিত ছিলেন উপ-পরিচালক মো. মিজানুর রহমানসহ অন্যান্য কর্মচারীরা।
আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে চাঁদপুর জেলা পুলিশ ফোর্স ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা। আগুন নির্বাপণে সহায়তা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।