নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর জুনে নতুন সিনেমা ‘লিম্বো’র ঘোষণা দেন। সামাজিকমাধ্যমে প্রকাশিত পোস্টারটি মহাকাশ অভিযানের দিকে ইঙ্গিত করে, যা দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।
অভিনেতা শরীফুল রাজের জন্মদিনে অংশু জানান, এই সিনেমায় রাজ অভিনয় করবেন। তিনি ফেসবুকে রাজকে ট্যাগ করে লেখেন, ‘মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা ‘লিম্বো’। দর্শকের জন্য হতে যাচ্ছে এক অনন্য অভিজ্ঞতা।’
এর আগে সিনেমাটির পোস্টারে অংশু উল্লেখ করেছিলেন, ‘দূরত্ব যত আলোকবর্ষেরই হোক না কেন, চেনা অনুভূতির টান কখনও ফুরায় না।’
শরীফুল রাজ সর্বশেষ বড়পর্দায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় অভিনয় করেছেন, যা দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে। ‘লিম্বো’ ছাড়াও রাজের হাতে রয়েছে ‘কানাভুলা প্যারাডক্স’, যেখানে তিনি আবারও সাবিলা নূরের বিপরীতে অভিনয় করবেন।