দীর্ঘ প্রতীক্ষার পর প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। মঙ্গলবার দুপুর ৩টায় প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ শুরু হয়।
এই পরীক্ষামূলক কার্যক্রম চলাকালে উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১ ঘণ্টা গ্রিডে সরবরাহ করা হবে। বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা, স্থিতিশীলতা পর্যবেক্ষণসহ গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।
পরবর্তীতে বিদ্যুৎকেন্দ্রটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। সব কারিগরি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে, পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদনের সাপেক্ষে বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় পরীক্ষামূলকভাবে গ্রিডে যুক্ত করা হবে।
১০ মাস পরীক্ষামূলক কার্যক্রম শেষ হলে স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।