শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের

টেসলার সাইবারট্রাকের উৎপাদন বন্ধের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন সিইও ইলন মাস্ক।

সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের

টেসলার বৈদ্যুতিক পিকআপ ট্রাক ‘সাইবারট্রাক’-এর উৎপাদন বন্ধের পথে হাঁটতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক জানিয়েছেন, আগামী বছর যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত কারখানায় সাইবারট্রাকের উৎপাদন কমিয়ে আনা বা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

মাস্ক স্পষ্টভাবে জানাননি, গাড়িটির উৎপাদন পুরোপুরি বন্ধ করা হবে, নাকি অন্য কোনো কারখানায় সরিয়ে নেওয়া হবে। তিনি বলেন, স্বচালিত গাড়ি ‘সাইবারক্যাব’-এর উৎপাদন বাড়ানোর জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সাইবারট্রাক প্রকল্পের প্রধান প্রকৌশলী ওয়েস মরিলের বক্তব্যে গাড়িটির উৎপাদন পুরোপুরি বন্ধ হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মরিল উল্লেখ করেন, ‘সাইবারট্রাক ছিল প্রযুক্তিগত উদ্ভাবনের অসাধারণ একটি প্ল্যাটফর্ম। এর প্রযুক্তিগত অগ্রযাত্রা সাইবারক্যাবের মধ্য দিয়ে অব্যাহত থাকবে।’

সাইবারট্রাকের উৎপাদন শুরুর আগে নানা বিলম্বের মুখে পড়ে প্রকল্পটি, যা অবশেষে ২০২৩ সালে বাজারে আসে। তবে বাজারে আসার পর প্রত্যাশা অনুযায়ী বিক্রি বাড়াতে পারেনি। উৎপাদন বন্ধের সম্ভাব্য খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেছেন টেসলার অনেক ভক্ত।

এক ব্যবহারকারী সাইবারট্রাককে ‘টেসলার তৈরি করা এ পর্যন্ত সেরা গাড়ি’ উল্লেখ করে আগামী বছর এর উৎপাদন বন্ধ হওয়ার খবরে আক্ষেপ প্রকাশ করেন। মাস্কের প্রতিক্রিয়া ছিল ‘সত্য’। তিনি বলেন, ‘তবে সাইবারট্রাকের বহর দীর্ঘদিন রাস্তায় থাকবে।’

মাস্ক সাইবারট্রাককে বরাবরই বিশেষ আগ্রহের একটি প্রকল্প হিসেবে উল্লেখ করেছেন। তবে বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতাপূর্ণ পিকআপ ট্রাকের বাজারে জায়গা করে নেওয়ার সক্ষমতা নিয়ে সংশয় রয়েছে। গাড়িটির উচ্চমূল্য এবং উৎপাদনসংক্রান্ত জটিলতা ক্রেতাদের আকৃষ্ট করার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

২০১৯ সালে প্রথমবার সাইবারট্রাক উন্মোচনের সময় মাস্ক একটি বিব্রতকর ঘটনার মুখে পড়েন, যখন গাড়ির জানালার কাচ পরীক্ষা করতে গিয়ে তা ভেঙে যায়। তবুও, সাইবারট্রাকের জন্য ২০১৯ সালে ১ লাখ ৪৬ হাজার অর্ডার পাওয়ার কথা জানিয়েছিলেন মাস্ক।

সাইবারট্রাকের নকশা নিয়ে টেসলার ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়, তবে সমালোচকদের প্রতিক্রিয়া ছিল ভিন্ন। তাদের অনেকেই গাড়িটির অস্বাভাবিক নকশার সমালোচনা করেন। ২০২৫ সালে ৪৬ হাজারের বেশি সাইবারট্রাক প্রত্যাহার করতে বাধ্য হয় টেসলা। গাড়ির বাইরের একটি ট্রিম খুলে পড়ার আশঙ্কা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

২০২৩ সালে মাস্ক স্বীকার করেছিলেন, সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে আনতে সাইবারট্রাকের উৎপাদন খরচ কমানো জরুরি। তবে সব ধরনের সুযোগ-সুবিধাসহ গাড়িটির দাম ৬১ হাজার ডলারে দাঁড়ায়। ২০২৬ সালে সাইবারট্রাকের উচ্চক্ষমতাসম্পন্ন ‘সাইবারবিস্ট’ সংস্করণের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ডলারে।

বিজ্ঞাপন