বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

নভেম্বরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, কম বৃষ্টিপাতের পূর্বাভাস

নভেম্বর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে।

নভেম্বরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, কম বৃষ্টিপাতের পূর্বাভাস

চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়া অধিদপ্তরের নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

১ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে ঝড় সতর্কীকরণ কেন্দ্রে অনুষ্ঠিত বিশেষজ্ঞ কমিটির সভায় এই পূর্বাভাস দেওয়া হয়। পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অবশ্য, দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে, তবে স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। দেশের কোথাও কোথাও এবং নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

বিভাগভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, ঢাকা বিভাগে ১৫ থেকে ২৫ মিলিমিটার বৃষ্টি হতে পারে, যেখানে এ মাসের স্বাভাবিক বৃষ্টিপাত ২৬ মিলিমিটার। ময়মনসিংহ বিভাগে ১০ থেকে ১৫ মিলিমিটার, সিলেট বিভাগে ১৫ থেকে ২৫ মিলিমিটার, রাজশাহী বিভাগে ১০ থেকে ১৫ মিলিমিটার, খুলনা বিভাগে ১৫ থেকে ২৫ মিলিমিটার এবং বরিশাল বিভাগে ৩০ থেকে ৪০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ মাসে সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগে, ৩৫ থেকে ৪০ মিলিমিটার, আর সবচেয়ে কম বৃষ্টি হতে পারে রংপুর বিভাগে, ৪ থেকে ৮ মিলিমিটার।

গত ৯ অক্টোবর বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। অক্টোবর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ৬৮ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। গত মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হয়, যার মধ্যে একটি অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ রূপ নিয়ে ২৮ অক্টোবর ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করে।

অক্টোবরে সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস এবং তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

বিজ্ঞাপন