মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সমুদ্রবন্দরগুলো থেকে ৩ নম্বর সতর্ক সংকেত নামানো হলো

সমুদ্রবন্দরগুলো থেকে ৩ নম্বর সতর্ক সংকেত নামানোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর।

সমুদ্রবন্দরগুলো থেকে ৩ নম্বর সতর্ক সংকেত নামানো হলো

দেশের চারটি সমুদ্রবন্দর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামানোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (৩ নভেম্বর) সামুদ্রিক আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা সতর্কবার্তায় উল্লেখ করা হয়, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও দক্ষিণ অন্ধ্র উপকূল এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় 'মুরাসু' আজ ভোরে প্রবল ঘূর্ণিঝড় আকারে ভারতের দক্ষিণ অন্ধ্র উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি দক্ষিণ অন্ধ্র প্রদেশের উপকূলে অবস্থান করছে এবং উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

সতর্কবার্তায় আরও জানানো হয়, ঘূর্ণিঝড়টি ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

এদিকে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোন সংকেত প্রদর্শনের প্রয়োজন নেই।

বিজ্ঞাপন