পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়তে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য এ তথ্য জানানো হয়েছে।
এদিন খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে।
আজ ঢাকায় বাতাসের গতিবেগ পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিমি এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ। সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৬ মিনিটে হবে।
বুধবার (৪ নভেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে, তবে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।
শুক্রবার (৬ নভেম্বর) আবহাওয়া শুষ্ক থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ৫ দিন পর দেশে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।