সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে কর্মকর্তা-কর্মচারীদের আইডি কার্ড সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের উপসচিব কাজী আরিফুর রহমান স্বাক্ষরিত চিঠিতে মঙ্গলবার রাতে এ নির্দেশনার কথা জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ এবং প্রবেশাধিকার নিয়ন্ত্রণের স্বার্থে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীকে তাদের আইডি কার্ড দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে।
বর্তমানে প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করায়, এর অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইডি কার্ড প্রদর্শন অত্যন্ত প্রয়োজনীয়। সচিবালয়ে স্থায়ী, অস্থায়ী, মিটিংয়ে আগত এবং ওটিপি-এর মাধ্যমে অনেক দর্শনার্থী প্রবেশ করেন।
এমতাবস্থায়, সচিবালয়ে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ মন্ত্রণালয় বা বিভাগে এই নির্দেশনা বাস্তবায়নের জন্য অনুরোধ করা হয়েছে।
এর আগে, গত ২৭ অক্টোবর সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছিল, নিরাপত্তা নিশ্চিত করার জন্য দর্শনার্থীদের কার্যক্রম সুষ্ঠভাবে পর্যবেক্ষণ ও তদারকি করতে হবে।
নতুন নির্দেশনায় সোমবার ও বৃহস্পতিবার দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখার তারিখগুলোতে সচিবালয়ের বাইরের অফিসের সাথে সভার সংখ্যা সীমিত রাখার জন্য বলা হয়েছে। এছাড়া, সাধারণ দর্শনার্থীদের সপ্তাহে একটির বেশি ওটিপি না দেওয়ার নির্দেশনা রয়েছে।