দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশীয় রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন, ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইক্যাপ) ১৩তম সাধারণ অধিবেশন। এই অধিবেশনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের একটি প্রতিনিধিদল আগামী ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত সিউলে অবস্থান করবে।
প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত সদস্যরা হলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।
অধিবেশনের পাশাপাশি প্রতিনিধিরা বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকেও অংশগ্রহণ করবেন। এবারের সম্মেলনে ৩৯টি দেশের ৯২টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
দক্ষিণ কোরিয়ার প্রধান দুটি রাজনৈতিক দল—ডেমোক্রেটিক পার্টি অব কোরিয়া এবং পিপল পাওয়ার পার্টি সম্মেলনটির সহ-আয়োজক হিসেবে কাজ করছে। সম্মেলনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, অভিজ্ঞতা বিনিময়, গণতন্ত্র, সুশাসন ও আঞ্চলিক সহযোগিতা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হবে।
আইক্যাপ প্রতিষ্ঠিত হয় ২০০০ সালের সেপ্টেম্বর মাসে ফিলিপাইনের ম্যানিলায়। সংগঠনটির মূল লক্ষ্য হলো এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জোরদার করা।