মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

সুনামগঞ্জে মেয়েদের ফুটবল খেলায় বাধা, ম্যাচ স্থগিত

সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচে বাধা, আয়োজকরা খেলাটি স্থগিত করেছেন।

সুনামগঞ্জে মেয়েদের ফুটবল খেলায় বাধা, ম্যাচ স্থগিত

সুনামগঞ্জের দিরাই উপজেলা স্টেডিয়ামে মেয়েদের দুটি দলের প্রীতি ফুটবল ম্যাচে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আয়োজকেরা সোমবার বিকেলে নির্ধারিত খেলাটি স্থগিত করেছেন।

আয়োজকেরা জানান, দিরাইয়ের স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাব ও সিলেটের জারা স্পোর্টিং ক্লাবের নারী ফুটবল দলের মধ্যে সোমবার বিকেলে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে রোববার রাতে কয়েকজন ব্যক্তি ইউএনও কার্যালয়ে গিয়ে খেলা বন্ধের দাবি জানান।

আয়োজক রাকিব আহমেদ ভূঁইয়া বলেন, ‘রোববার রাতে জানতে পারি, কয়েকজন ব্যক্তি ইউএনও কার্যালয়ে গিয়ে খেলা বন্ধের দাবি জানিয়েছেন। পরে ইউএনওর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতা করে খেলা আয়োজন করতে হবে। তা না হলে খেলা স্থগিত করতে হবে।’

তিনি আরও জানান, সোমবার দুপুরে পুলিশের সঙ্গে যোগাযোগ করার পর পুলিশের পক্ষ থেকেও খেলা স্থগিত করার পরামর্শ দেওয়া হয়। এ কারণে খেলা স্থগিত করা হয়েছে।

স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাব ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং স্থানীয় কিশোরীদের নিয়ে গঠিত এই দলটি বিভিন্ন জেলার নারী ফুটবল দলের সঙ্গে খেলেছে। দলটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করেছে।

এদিকে, খেলা বন্ধের দাবি জানানোদের একজন মাওলানা মো. শরিফ উদ্দিন বলেন, ‘আমরা খেলাধুলার বিরোধী নই, তবে নারীদের নিয়ে মাঠে অশ্লীলতা মেনে নেওয়া হবে না।’ তিনি ইউএনওর সঙ্গে দেখা করে খেলার নামে ‘অশ্লীলতা’ বন্ধের দাবি জানিয়েছেন।

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, ‘আয়োজকেরা জানিয়েছেন, এটি তাদের ক্লাবের খেলা। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের কোনো লিখিত অনুমতি দেওয়া হয়নি।’

বিজ্ঞাপন